আরএসএস মঞ্চে সূরা ফাতিহা পাঠ ও কোরআনের স্লোগান! হারোয়ায় সরেজমিনে নেটওয়ার্ক বাংলার এক্সক্লুসিভ গ্রাউন্ড রিপোর্ট
আইনজীবী সৈয়দ আলী আফজাল চাঁদের উপস্থিতিতে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সভা; সমাপ্তিতে জাতীয় সঙ্গীত, অন-গ্রাউন্ড খতিয়ান তুলে ধরলেন প্রধান সম্পাদক রাহিন আলম
হাড়োয়া, উত্তর ২৪ পরগনা (সরেজমিন গ্রাউন্ড রিপোর্ট): আরএসএসের মঞ্চ, অথচ সেখান থেকেই পাঠ করা হচ্ছে পবিত্র সূরা ফাতিহা, আর বাতাসের বুকে গর্জে উঠছে "আল কোরআনের আলো" স্লোগান! চোখ কপালে ওঠার মতো এই অবিশ্বাস্য দৃশ্যই 'নেটওয়ার্ক বাংলা'র ক্যামেরায় সরেজমিনে সরাসরি ধরা পড়েছে উত্তর ২৪ পরগনার হারোয়া থেকে। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের এক সাংগঠনিক সভায় বিশিষ্ট আইনজীবী সৈয়দ আলী আফজাল চাঁদের উপস্থিতিতে আরএসএসের সহযোগী প্ল্যাটফর্ম থেকে ঠিক কীভাবে এই স্লোগান উঠল, তা নিয়ে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে তীব্র চর্চা ও আলোড়ন শুরু হয়েছে।
একটি ভারতীয় সংগঠনের মঞ্চে সভার সমাপ্তি পর্বে দেশের জাতীয় সঙ্গীত গাওয়া অত্যন্ত স্বাভাবিক ও কাঙ্ক্ষিত রীতি। সেই মর্যাদা বজায় রেখে হারোয়ার সভায় উপস্থিত সংখ্যালঘু সমাজের প্রতিনিধি ও নেতৃবৃন্দ শ্রদ্ধার সঙ্গেই জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। তবে জাতীয় সঙ্গীতের এই স্বাভাবিক আনুষ্ঠানিকতাকে ছাপিয়ে যে বিষয়টি গোটা বাংলাকে তাজ্জব করে দিয়েছে, তা হলো খোদ আরএসএস সমর্থিত প্ল্যাটফর্ম থেকে সংখ্যালঘু সমাজের এই চিরাচরিত স্লোগান এবং পবিত্র ধর্মগ্রন্থের আয়াত পাঠের দৃশ্য।
সরেজমিনে ঘটনা প্রত্যক্ষ করে দেখা গেছে, সভার সামগ্রিক পরিবেশ ছিল সম্পূর্ণ সুশৃঙ্খল। তবে রাজনৈতিক মহলের মতে, বর্তমান পরিস্থিতিতে আরএসএস সমর্থিত সংখ্যালঘু সংগঠনের মঞ্চে এই দৃশ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক সমীকরণ নির্দেশ করছে। খোদ আরএসএসের মঞ্চে জাতীয় সঙ্গীত এবং কোরআনের স্লোগানের এই সমন্বয় আসলে সম্প্রীতির বার্তা নাকি নতুন কোনো রাজনৈতিক কৌশলের অংশ—তা নিয়েই এখন সাধারণ মানুষ ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ চলছে।
সরেজমিনে তথ্য ও প্রতিবেদন
রাহিন আলম
চিফ এডিটর, নেটওয়ার্ক বাংলা
