গাঁজা বিক্রির প্রতিবাদে বিজেপির বুথ সভাপতি'র উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা
শরীরে একাধিক কোপ, প্রাণে মারার চেষ্টার অভিযোগ গাঁজা বিক্রেতার বিরুদ্ধে, তদন্তে পুলিশ
গাঁজা বিক্রির প্রতিবাদে বিজেপির বুথ সভাপতি'র উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, শরীরের একাধিক যায়গায় কোপ, প্রাণে মারার চেষ্টার অভিযোগ গাঁজা বিক্রেতার বিরুদ্ধে। ঘটনার মুহুর্তের ভিডিও বন্দী মোবাইল ফোনে, তদন্তে পুলিশ। ঘটনাটি দেগঙ্গা থানার সিরাজপুর এলাকার। আক্রান্ত যুবক চাকলা পঞ্চায়েতের ২৩৮ নম্বর বুথের বিজেপি সভাপতি শুভজিৎ মল্লিক।
আক্রান্ত বিজেপির বুথ সভাপতির দাবি, অভিযুক্ত দুষ্কৃতী তৃণমূলের এলাকায় মাদক দ্রব্য বিক্রি সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ -এর সাথে যুক্ত। তৃণমূলের আমলে তার বাড়বাড়ন্ত। রাজ্যে পালাবদলের পর তাকে বারণ করা সত্তেও সে এলাকা বদল করে এলাকায় মাদক ব্যবসার কাজ করছে রমরমিয়ে। গতকাল রাতে প্রতিবাদ করলে তার হাতে থাকা ধারালো অস্ত্র নিয়ে তার উপর প্রাণঘাতী হামলা চালায়। তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ। ঘটনায় তার পিঠে ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয়।
"দীর্ঘদিন ধরে ও এলাকায় মদ, গাঁজা বিক্রি করে। আমি বুথ সভাপতি হিসেবে গতকাল সন্ধ্যায় বারণ করতে গেলে আমাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে দেওয়ার চেষ্টা করে। আমি ঠেকাতে গেলে পিঠে, হাতে এবং ঘাড়ে মারাত্মক আঘাত লাগে।"
— শুভজিৎ মল্লিক
আক্রান্ত বুথ সভাপতি (২৩৮ নম্বর বুথ, চাকলা পঞ্চায়েত)
হামলার ঘটনার ভিডিও মোবাইল ফোনে বন্দী। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিশ্বনাথপুর গ্ৰামীণ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করায়। অভিযুক্ত দুষ্কৃতীর বিরুদ্ধে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মাদক দ্রব্য বিক্রির প্রতিবাদে দলের সভাপতি'র উপর হামলার নিন্দা করে অভিযুক্তর গ্ৰেফতার ও কঠোর শাস্তির দাবি করেছে জেলা বিজেপি নেতৃত্ব।
"তৃণমূলের আমলে এই দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত। আমাদের বুথ সভাপতি এর প্রতিবাদ করতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে মারা হয়। আমরা প্রশাসনকে জানিয়েছি, অভিযুক্তরা ভুলে গেছে এটা শাসকের আইন নয়, আইনের শাসন। আমরা এর কঠোর শাস্তি চাই।"
— দীপিকা চ্যাটার্জি
সহ-সভানেত্রী, বিজেপি (বারাসাত সাংগঠনিক জেলা)।
"গাঁজা বিক্রির প্রতিবাদ করায় অভিযুক্ত আলামিন মন্ডল ধারালো অস্ত্র নিয়ে আমাদের বুথ সভাপতিকে গলা কেটে ফেলার হুমকি দেয় এবং আক্রমণ করে। আমরা আইসির কাছে এর দ্রুত গ্রেফতার ও চরম শাস্তির দাবি জানাচ্ছি।"
— দেবাশীষ মজুমদার
সদস্য, এক্সিকিউটিভ কমিটি, বিজেপি (বারাসাত সাংগঠনিক জেলা)
প্রকাশক
রাহিন আলম
নেটওয়ার্ক বাংলা
