বসিরহাটে চাঞ্চল্যকর শ্যুটআউট!
আড্ডার ছলে প্রতিবেশী 'দাদা'র গুলিতে মৃত্যু ২২ বছরের যুবকের
বসিরহাটে চাঞ্চল্যকর শুটআউট! আড্ডার ছলে প্রতিবেশী 'দাদা'র গুলিতে মৃত্যু হলো ২২ বছরের যুবক প্রশান্ত শীলের। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার গোডাউন পাড়া এলাকায়। পরিবারের অভিযোগ, গতকাল গভীর রাতে প্রতিবেশী দাদা সূর্য শীলের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন প্রশান্ত। দাবি, সেই আড্ডার মাঝেই সূর্য আচমকা গুলি চালিয়ে দেয়। রক্তাক্ত প্রশান্তকে প্রথমে বসিরহাট হাসপাতাল এবং পরে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করার পথে তাঁর মৃত্যু হয়।
পরিবারের স্পষ্ট দাবি, এর পেছনে কোনো রাজনৈতিক বা গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তবে সূর্যর কাছে আগ্নেয়াস্ত্র কীভাবে এল, তা নিয়ে জোরালো প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই অভিযুক্ত সূর্য শীলকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ। আজ বসিরহাট মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের পর যুবকের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
এ বিষয়ে প্রতিবেশী সুশান্ত শীল জানান, কাকা ও জ্যাঠার ছেলের মধ্যে চুরি নিয়ে গন্ডগোল থেকেই এই ঘটনা ঘটেছে এবং রাত দেড়টা নাগাদ তিনি এই খবর পান। অন্যদিকে, মৃতের আত্মীয় বিশ্বজিৎ কর্মকারও এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া।
প্রকাশক
রাহিম আলম
নেটওয়ার্ক বাংলা
