অন্নপূর্ণা যোজনার প্রতিশ্রুত টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তেই খুশির জোয়ার

অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে হিঙ্গলগঞ্জে মহিলাদের আনন্দ মিছিল ও কালীবাড়িতে পুজো

অ্যাকাউন্টে ৩ হাজার টাকা ঢুকতেই পথচলতি মানুষকে মিষ্টিমুখ করিয়ে উল্লাসে মাতল মহিলা মোর্চা

অন্নপূর্ণা যোজনার প্রতিশ্রুত টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তেই খুশির জোয়ার উত্তর ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জে। বিজেপি মহিলা মোর্চার কর্মী-সমর্থক থেকে শুরু করে এলাকার সাধারণ মহিলারা মেতে উঠলেন বাঁধভাঙা উল্লাসে। আজ ১৭ই আগস্ট থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢোকা শুরু হতেই ধন্যবাদ জানিয়ে কেওড়াখালি থেকে হিঙ্গলগঞ্জ কালীবাড়ি পর্যন্ত একটি বর্ণাঢ্য মিছিল বের করে হিঙ্গলগঞ্জ মহিলা মোর্চা। ব্যানার-ফেস্টুন হাতে মিছিলে শামিল হন শতাধিক মহিলা। এরপর কালীবাড়ি মন্দিরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ পুজো দেওয়া হয়।

পুজো শেষে আনন্দের রেশ ছড়িয়ে পড়ে রাজপথে। পথচলতি মানুষ, বিভিন্ন যানবাহনের চালক ও স্থানীয় বাসিন্দাদের মিষ্টিমুখ করিয়ে উৎসবে মাতেন মহিলারা। মোবাইলে ৩,০০০ টাকা ঢোকার মেসেজ দেখিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় উপভোক্তারা। সুন্দরবনের এই প্রান্তিক জনপদের মা-বোনেদের মধ্যে এই প্রকল্পকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এ বিষয়ে বসিরহাট সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সহ-সভানেত্রী সরস্বতী মণ্ডল জানান, মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন এবং সেই কথা তিনি রেখেছেন। রাজ্যের কোটি কোটি মা-বোনেদের মুখে হাসি ফুটেছে। অন্যদিকে নেতৃবৃন্দের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৭ই আগস্ট থেকে শুরু হওয়া এই অর্থ হস্তান্তরের প্রক্রিয়া চলবে আগামী ২০শে আগস্ট পর্যন্ত। ফলে যোগ্য উপভোক্তাদের কোনও রকম বিভ্রান্ত না হওয়ার বার্তা দেওয়া হয়েছে।

সতর্কীকরণ (Disclaimer): এই প্রতিবেদনে প্রকাশিত তথ্যসমূহ স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং উপস্থিত প্রতিনিধিদের বক্তব্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। 'নেটওয়ার্ক বাংলা' এবং এর প্রতিবেদক শুধুমাত্র বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দায়িত্ব পালন করেছেন।
খবরটি প্রকাশ করা হয়েছে: নেটওয়ার্ক বাংলা ওয়েবসাইট থেকে

প্রকাশক

রাহিন আলম

নেটওয়ার্ক বাংলা

Post a Comment

Previous Post Next Post