দেগঙ্গায় টোটোর ব্যাটারি চুরি: গ্রেফতার আইএসএফ নেতা
লক্ষাধিক টাকার ব্যাটারি উদ্ধার, রাজনৈতিক চক্রান্তের দাবি ধৃত আলাউদ্দিন জমাদারের
উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় টোটো গাড়ির ব্যাটারি চুরির অভিযোগে গ্রেফতার হলেন খোদ এক দাপুটে আইএসএফ নেতা। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম আলাউদ্দিন জমাদার। তিনি দেগঙ্গা বিধানসভার অন্তর্গত বেড়াচাঁপা ১ নম্বর অঞ্চলের আইএসএফ (ISF) দলের অঞ্চল সভাপতি। এই গ্রেফতারির খবর প্রকাশ্যে আসতেই দেগঙ্গা ও তার পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ধৃত আলাউদ্দিন জমাদারের কাছ থেকে চুরি যাওয়া চারটি টোটো গাড়ির ব্যাটারি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এই ব্যাটারিগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ টাকারও বেশি। নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই তাকে গ্রেফতার করে দেগঙ্গা থানার পুলিশ। রবিবার ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে বারাসত মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
অন্যদিকে, অভিযুক্তকে যখন পুলিশ ভ্যানে তোলা হচ্ছিল, তখন তিনি রীতিমতো ক্ষোভ উগড়ে দেন। ক্যামেরার সামনে চুরির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে ধৃত নেতার দাবি, "আমাকে চোর বানানো হচ্ছে। আমি তো ব্যাটারি পেয়েছি, আমি নিজে মেজো বাবুকে, ওজুল স্যারকে বলেছি। আমি আইএসএফ-এর অঞ্চল সভাপতি, সেই কারণেই রাজনৈতিকভাবে আমাকে ফাঁসানো হচ্ছে।"
প্রকাশক
রাহিন আলম
নেটওয়ার্ক বাংলা
